
চট্টগ্রামের হাটহাজারীতে ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুরের পরদিনই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলি করা হয়েছে। রিমান্ড চলাকালে তদন্ত কর্মকর্তা বদলির ঘটনায় মামলার তদন্ত নিয়ে নানা প্রশ্ন ও আলোচনা তৈরি হয়েছে।
গত ১২ আগস্ট চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরদিন ১৩ আগস্ট জেলা পুলিশ সুপার মাসুদ আলম এসআই আলাউদ্দিনকে সন্দ্বীপ থানায় বদলির আদেশ দেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান বদলির বিষয়টি নিশ্চিত করে ইনভেস্টিগেশন বিডি-কে বলেন, শনিবার রাতে এসআই আলাউদ্দিনকে ছাড়পত্র (সিসি) দেওয়া হয়েছে। দ্রুতই মামলাটির জন্য নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হবে।
এসআই আলাউদ্দিন দাবি করেন, তার বদলি প্রশাসনিক কারণে নয়, ‘জনস্বার্থে’ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ আসামির রিমান্ড চলাকালে বদলির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে মামলাটির তদন্তভার হস্তান্তর নিয়েও পুলিশের কর্মকর্তাদের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ প্রথমে বলেন, ডিবির অভিজ্ঞতা বেশি থাকায় তিন দিন আগেই মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে। পরে রিমান্ড চলাকালে তদন্ত কর্মকর্তা বদলির বিষয়ে জানতে চাইলে তিনি ইনভেস্টিগেশন বিডি-কে বলেন, রিমান্ড শেষ না হওয়া পর্যন্ত এসআই আলাউদ্দিনই মামলার তদন্তের দায়িত্বে রয়েছেন। নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও মামলাটি হাটহাজারী থানাতেই থাকবে।
এদিকে মামলার বাদী জসিম উদ্দিনও তদন্ত কর্মকর্তা বদলি বা মামলাটি ডিবিতে হস্তান্তরের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।