চট্টগ্রাম জেলার ‘খ’ শ্রেণিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার। আইনশৃঙ্খলা রক্ষায় দক্ষ নেতৃত্ব, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা এবং ধারাবাহিক সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননা অর্জন করেন।
আজ মঙ্গলবার চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম, বিপিএম (বার) আনুষ্ঠানিকভাবে সুজন হালদারের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সন্দ্বীপ উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা, সন্ত্রাস দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্যদের গ্রেপ্তারে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এসব কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চট্টগ্রাম জেলা পুলিশ তাকে এ মর্যাদাপূর্ণ সম্মাননার জন্য মনোনীত করে।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় ওসি সুজন হালদার বলেন, “এই স্বীকৃতি আমার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে। সন্দ্বীপবাসীর সহযোগিতা নিয়ে একটি অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। এ অর্জন শুধু আমার নয়, সন্দ্বীপ থানা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল।”
এদিকে, সুজন হালদারের এ অর্জনে সন্দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয় সচেতন নাগরিকরা মনে করেন, এমন স্বীকৃতি পুলিশ সদস্যদের দায়িত্বশীলতা ও পেশাগত নিষ্ঠা আরও বৃদ্ধি করতে অনুপ্রাণিত করবে।