চট্টগ্রামের সন্দ্বীপে বাজার থেকে বাড়ি ফেরার পথে মিলাদ (৪০) নামের এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে উপজেলার মগধরা ইউনিয়নের পেলিশ্যার বাজার থেকে প্রায় ২ কিমি পূর্ব দিকে বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। আহত মিলাদ মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পেলিশ্যার বাজার থেকে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন মিলাদ। পথে একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে অতর্কিত হামলা চালায়। এ সময় তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তারা। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এ হামলায় জড়িত ব্যক্তিরা স্থানীয় মগধরা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে। বিশেষত মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলামের নির্দেশে এই হামলা ঘটেছে বলে অনেকেরই অভিযোগ। তবে এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মগধরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম। তিনি বলেন, ‘এই হামলার সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। ব্যক্তিগত বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম এবং দলের নাম জড়াচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, ‘মগধরায় এক যুবককে কুপিয়ে আহত করার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জানা যায়, হামলায় আহত মিলাদ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।