জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে’ বিল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বাংলাদেশ সচিবালয় অভিমুখে ১১ দলীয় ঐক্যের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জোটের নেতারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করতে চাইলে পুলিশের বাধার মুখে পড়েন তারা।
এর আগে একই দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে অবস্থান কর্মসূচি পালন করে ১১ দলীয় জোট।
সমাবেশে জোটের নেতারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করেন। বক্তারা অভিযোগ করে বলেন, “নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার দেশজুড়ে লুটপাট চালাচ্ছে। সিন্ডিকেট করে কৃত্রিমভাবে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে।” বক্তারা আরও বলেন, বিদ্যুতের অস্বাভাবিক বিল, নিত্যপণ্যের অসহনীয় মূল্যবৃদ্ধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগামহীন অবনতির কারণে সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত। প্রয়োজনীয় জ্বালানি ও গ্যাস না থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
অবস্থান কর্মসূচি শেষে জোটের পক্ষে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চার বিভাগে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১১ দলীয় জোট সড়কপথে আগামী ৮ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে, ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে এবং ১০ অক্টোবর খুলনা অভিমুখে লংমার্চ পালন করবে। এছাড়া আগামী ২৪ অক্টোবর সিলেটে রেলপথে লংমার্চ করবে জোটটি।