চট্টগ্রামের সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধ এলাকায় এক চাঞ্চল্যকর অপহরণের ঘটনা ঘটেছে। অপহৃত স্কুলছাত্রীর নাম রুবিনা আক্তার (১৪)। সে ওই এলাকার ভাসমান বাসিন্দা মোহাম্মদ রফিক ও নাছিমা আকতার দম্পতির কন্যা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ আগস্ট (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে এই নিখোঁজের ঘটনা ঘটে। ঘটনার সময় অপহৃত কিশোরীর মা নাছিমা আকতার ঘরে নামাজ পড়ছিলেন। এসময় রুবিনা তাকে টয়লেটে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হয়। তাদের বাড়ির টয়লেটটি মূল বসতঘরের বাইরে অবস্থিত হওয়ায় সে একা বাইরে গিয়েছিল।
“আগে থেকেই অন্ধকারে ওত পেতে থাকা সংঘবদ্ধ অপহরণকারী চক্র ঘরের বাইরে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে”– অপহৃত স্কুলছাত্রীর মা
দীর্ঘক্ষণ পার হয়ে যাওয়ার পরও রুবিনা ঘরে না ফিরলে মা নাছিমা বেগম উদ্বিগ্ন হয়ে পড়েন এবং তাকে খুঁজতে শুরু করেন। আশপাশের সম্ভাব্য সকল জায়গা ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। কয়েক মিনিটের ব্যবধানে এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় মা নাছিমা বেগম জানান, “আগে থেকেই অন্ধকারে ওত পেতে থাকা সংঘবদ্ধ অপহরণকারী চক্র ঘরের বাইরে থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে গেছে”।
এ ঘটনায় নিখোঁজ কিশোরীর পরিবারের পক্ষ থেকে সন্দ্বীপ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জিডি হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুলিশ অত্যন্ত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখছে এবং নিখোঁজ কিশোরীকে দ্রুত উদ্ধারের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।
উল্লেখ্য অপহৃত রুবিনা সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী।